রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের নতুন মাইলফলক

- সর্বশেষ আপডেট ০৬:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 121
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এর মধ্য দিয়ে ইউনিটটিতে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে রিঅ্যাক্টরটি ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছায় বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এনপিসিবিএলের নেতৃত্বে পরিচালিত কমিশনিং কার্যক্রমের ধারাবাহিকতায় এ মাইলফলক অর্জিত হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির অগ্রগতিতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
ড. জায়েদুল হাসান জানান, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জনের পর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রিত অবস্থায় পরিচালিত হচ্ছে।
এই অর্জনের ফলে রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে আরও কয়েকটি কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত ধাপ সম্পন্ন করতে হবে।
পরবর্তী পর্যায়ে অনুমোদিত কমিশনিং কর্মসূচি অনুযায়ী রিঅ্যাক্টর ফিজিকস পরীক্ষা, বিভিন্ন সিস্টেম ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানোর কাজ করা হবে। এরপর জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগের জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও প্রস্তুতি সম্পন্ন করা হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, অপারেশন ও কমিশনিং বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টা এবং দেশি-বিদেশি অংশীজনদের সহযোগিতায় এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।
তাদের মতে, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের বিজ্ঞান, প্রকৌশল ও পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক অর্জন। দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও কমিশনিং কার্যক্রমের পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এখন জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
প্রকল্পসংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, ক্রিটিক্যালিটি অর্জনের পর গ্রিড সংযোগসহ পরবর্তী সব কার্যক্রম সর্বোচ্চ নিরাপত্তামান, অনুমোদিত কারিগরি পদ্ধতি ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করা হবে।
তবে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জনের অর্থ এই নয় যে, বিদ্যুৎ সরবরাহ ইতোমধ্যে শুরু হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে হলে কমিশনিংয়ের পরবর্তী ধাপগুলো সফলভাবে সম্পন্ন করতে হবে।































