নাসিরনগরে সারের ডিলারশিপ পেলেন এমপির স্বজনেরা

- সর্বশেষ আপডেট ০৭:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 170
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, বোনজামাই ও ভাগ্নের স্ত্রী তিনটি ইউনিয়নে সারের ডিলারশিপ পেয়েছেন।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিলারদের তালিকা প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে।
ডিলারশিপ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এমপির ছেলে আদনান সাদী। তিনি গোকর্ণ ইউনিয়নে মেসার্স আলীয়াহ ট্রেডার্সের নামে ডিলারশিপ পেয়েছেন। নাসিরনগর সদর ইউনিয়নে মেসার্স আয়ান ট্রেডার্সের নামে ডিলারশিপ পেয়েছেন তাঁর বোনজামাই আরক মিয়া। অন্যদিকে, গোয়ালনগর ইউনিয়নে এস এস ট্রেডার্সের নামে ডিলারশিপ পেয়েছেন এমপির ভাগ্নে শরীফের স্ত্রী নুরুন্নাহার আক্তার স্বর্ণা।
স্থানীয় প্রশাসনও তাঁদের ডিলারশিপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মালয়েশিয়ায় অবস্থানরত সংসদ সদস্য এম এ হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
নাসিরনগর ছাড়াও জেলার অন্য উপজেলাগুলোতে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১০১টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় ১০৬টি ডিলারশিপের বিপরীতে আবেদন করেন ৮২৫ জন। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির কাছে ২৯২ জনের নাম সুপারিশ করে পাঠানো হয়। প্রতিটি ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তিনজনের নাম সুপারিশ করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি।
ডিলার নিয়োগের তালিকায় প্রথম স্থানে নাম রাখার জন্য অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান।
তিনি জানান, উপজেলা থেকে পাঠানো নামগুলোই সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে দু-একটি ক্ষেত্রে তালিকায় পরিবর্তন হয়েছে। অর্থ লেনদেনের বিষয়ে তিনি বলেন, এমন কোনো অভিযোগ তাঁর জানা নেই। উপজেলা পর্যায়ে তালিকা তৈরির ক্ষেত্রে হস্তক্ষেপ হয়ে থাকতে পারে।
ডিলারদের তালিকা প্রকাশের পর জেলা প্রশাসকের কাছে কয়েকটি অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি।



































