ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিমের লাশ পাহাড়ে, তাজমিনের ধানক্ষেতে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 401

সিসিটিভির কিছু দৃশ্য, ইনসেটে জান্নাতুল তাজমিন

কুমিল্লার আলোচিত অপ্রতিম হত্যার রেশ কাটতে না কাটতেই লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধার হয়েছে। অপ্রতিমের লাশ মিলেছিল লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গলে আর তানজিমের লাশ মিলেছে ধানক্ষেতে।

তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মৃত্যুর আগের রাতে পদুয়ার বাজারে একটি বাস থেকে নামার পর তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে তাকে কয়েকটি দোকানের সামনে ঘোরাফেরা করতে ও এক দোকানির সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে এরপর সে কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা হয়েছিল এবং কীভাবে নির্জন ধানক্ষেতে পৌঁছেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধানগাছ এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। পাশেই পড়ে ছিল একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা। এসব আলামত দেখে স্থানীয়দের ধারণা, মৃত্যুর আগে তাজমিনের সঙ্গে ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামে তাজমিন। বাসটি কক্সবাজার থেকে ফিরছিল। বাস থেকে নামার পর তাকে হোটেলের পাশের খাবারের দোকান এবং পশ্চিম দিকে কয়েকটি স্টেশনারি দোকানের কাছে যেতে দেখা যায়। একটি দোকানের সামনে দাঁড়িয়ে সে দোকানির সঙ্গে কথা বলে। এ সময় দোকানিকে তাকে কিছু দেখাতে বা কোনো দিকনির্দেশনা দিতে দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, রাত ১২টার দিকে দোকানের সামনে কিছু দেখার পর সেখান থেকে সরে যায় তাজমিন। পরে রাত সোয়া ১২টার দিকে তাকে নূরজাহান হোটেল এলাকা ছেড়ে যেতে দেখা যায়। এরপর তার গতিবিধি সম্পর্কে আর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। ফলে সে কোন পথে গিয়েছিল, কীভাবে ঘটনাস্থলে পৌঁছেছিল এবং তার সঙ্গে কেউ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামার পর তাজমিন কোথায় গিয়েছিল, কারও সঙ্গে তার দেখা হয়েছিল কি না এবং মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরে পাওয়া সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জগতপুর গ্রামের ভেতর দিয়ে চলে গেছে নির্জন একটি পাকা সড়ক। সড়কের দুই পাশে বিস্তৃত ফসলি জমি। সড়কের আশপাশের চার থেকে পাঁচটি ধানক্ষেতে ধানগাছ এলোমেলো হয়ে ছিল। একটি ধানক্ষেতে পড়ে ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পরে স্থানীয়রা সেটি টেনে সড়কের ওপর তোলেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, সকালে আশপাশের মানুষের কাছ থেকে ধানক্ষেতে একটি সিএনজি পড়ে থাকার খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে সিএনজিটির ২০ থেকে ৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। আশপাশের ধানক্ষেতেও দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির মতো চিহ্ন দেখতে পান। সেসব চিহ্ন অনুসরণ করে সামনের একটি ধানক্ষেতে গিয়ে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

রুহুল আমিনের ভাষ্য, মরদেহটির মাথা কাদার মধ্যে ছিল এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। শরীর বস্ত্রহীন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি একটি গামছা দিয়ে মরদেহ ঢেকে দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাঁচিকাটা-হরিশ্চর পাকা সড়কের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া সংলগ্ন স্থানে প্রথমে পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাটি নজরে আসে। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে আইলের পাশে কিশোরীর মরদেহ দেখতে পান তারা। মরদেহটির মুখ মাটির দিকে চেপে ছিল এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। খবর পেয়ে লালমাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআইসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

স্থানীয় বাসিন্দা মো. মুহিন বলেন, ধানক্ষেতের অবস্থা দেখে মনে হচ্ছে, মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশাটি পড়ে থাকার বিষয়টিও তার কাছে রহস্যজনক মনে হয়েছে।

নিহতের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার ধানমন্ডি পাড়ার ভাড়া বাসা থেকে বের হয় তাজমিন। সে শহরের এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলেছিল। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয়।

বুধবার রাতে মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাননি আবদুল আলীম। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি জানান, রাত আনুমানিক পৌনে দুইটার দিকে তাজমিন মোবাইল ফোনে একটি বার্তা ও নিজের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে এসে নিয়ে যেতে বলে। তবে তখন তিনি ঘুমিয়ে থাকায় বার্তাটি দেখতে পারেননি। সকালে মেসেজটি দেখে লোকেশন অনুসরণ করে ঘটনাস্থলে যান। সেখানে মেয়ের মরদেহ উদ্ধারের দৃশ্য দেখতে পান।

তাজমিনের শিক্ষক সাদ বিন এরশাদ জানান, দীর্ঘদিন তিনি তাজমিনকে পড়িয়েছেন। তার ভাষ্য, তাজমিন ছিল চঞ্চল স্বভাবের। মায়ের অসুস্থতার কারণে দুই যমজ ভাইয়ের দেখাশোনাও করত সে। পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসুক বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশি অনুসন্ধানে তাজমিনের ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এসব স্থানে তার সঙ্গে কে বা কারা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রথমে মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে পরিচয় শনাক্ত করা হয়। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। তার ভাষ্য, নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় গামছা প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, জব্দ করা সিএনজিচালিত অটোরিকশাটির নিবন্ধন রয়েছে। সেটির সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামানও জানান, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত চলছে এবং রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাজমিনের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন স্বজনরা। পরে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন শহরের ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়ত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর বিদ্যালয়ে যায়নি। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন।

এ ঘটনায় তাজমিনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। হত্যার কারণ, মৃত্যুর আগের রাতের চলাচল এবং ঘটনাস্থলে পাওয়া সিএনজিচালিত অটোরিকশার সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপ্রতিমের লাশ পাহাড়ে, তাজমিনের ধানক্ষেতে

সর্বশেষ আপডেট ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬