নারী অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘকে আহ্বান
- সর্বশেষ আপডেট ০৫:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 81
বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি মানবিক সহায়তা জোরদার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্য দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট মোকাবিলা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।
মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা ও পুনর্মিলন প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন।
বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ জানিয়ে শামা ওবায়েদ মানবিক সহায়তার অর্থায়ন ঘাটতি দূর করার আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
জাতিসংঘ সফরকালে তিনি ইকোসকের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন এবং জাতিসংঘ উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।































