বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১, আহত ৪
- সর্বশেষ আপডেট ০৬:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 14
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দপদপিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং মাহিন্দ্রার চালকসহ চারজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মাহিন্দ্রার চালক বাকেরগঞ্জের বাসিন্দা আসাদুল (৪৫), বেতাগীর মামুন রেজা (৩৮) এবং আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি (২৩)। আহত অপরজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত।
গুরুতর আহত ইয়াসিন আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






























