জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 17
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন। তবে একই মামলায় কারাগারে থাকা গাজী নজরুল ইসলামের জামিন আবেদন এখনো মঞ্জুর হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে নিহত মরিয়ম খাতুনের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে তিনি জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিন পেলে তার কোনো আপত্তি নেই। আদালত তার জবানবন্দিও গ্রহণ করেন।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসার পর দুই আসামির জামিন চাওয়া হয়েছিল। শুনানিতে বাদী উপস্থিত থেকে জামিনে আপত্তি না থাকার কথা জানিয়েছেন। তবে গাজী নজরুলের জামিনের বিষয়ে আদালত তখনো আদেশ দেননি।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত সোমবার গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে মাঝে মাঝে শয়নকক্ষের পাশের বারান্দায় রাত কাটাতে হতো।
তদন্তে মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও পুলিশ আদালতকে জানিয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়।
পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। ওই রাতেই নজরুল ইসলাম ও মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ। মাকছুদাও এক দিনের রিমান্ড শেষে কারাগারে ছিলেন।




























