দুর্গাপূজায় মিলছে টানা পাঁচ দিনের ছুটি

- সর্বশেষ আপডেট ০৬:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 155
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার (৩০ সেপ্টেম্বর) জানান, ২২ অক্টোবর ছুটি দেওয়ার বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি জানান, এটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। ফলে ছুটির সময়ে দেশের সরকারি-বেসরকারি অধিকাংশ কার্যালয় বন্ধ থাকবে।
তবে জরুরি সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, সমুদ্র ও স্থলবন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোও যথারীতি চালু থাকবে।
ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে। চূড়ান্ত প্রজ্ঞাপনে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সরকারের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি হলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি হবে।
































