প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
- সর্বশেষ আপডেট ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 20
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার সময় সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন শিক্ষক লালন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে আপত্তিকর বক্তব্য দেন বলেও অভিযোগ তাদের।
ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় তা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। প্রধান শিক্ষক জানান, লালন শুধু প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তাঁর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।




























