ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন!
- সর্বশেষ আপডেট ০৬:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 105
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
বিশ্বস্ত সূত্র জানায়, বার্ধক্যজনিত একাধিক জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন এবং কলকাতার নিউ টাউনে ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে চিকিৎসা চলছিল। তবে গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, ভর্তির পরপরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসায় কিছুটা সাড়া মিললেও তার অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এর আগে গত বছরের জুন মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই জানান, তিনি তখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবং কলকাতায় অবস্থান করছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর প্রায় তিন মাস তিনি দেশে বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। পরে ২০২৪ সালের নভেম্বরে দেশ ছেড়ে ভারতে চলে যান।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতি ও ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার প্রশ্নে ওবায়দুল কাদের ওই সাক্ষাৎকারে মন্তব্য করেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ তৈরি হলে তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার বা অনুশোচনার বিষয় বিবেচনায় আসতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত টানা আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দলটির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
তার শারীরিক অবস্থার খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: চ্যানেল ২৪



































