সিটবেল্ট বাঁধতে নারাজ শিশু, বাতিল পুরো ফ্লাইট
- সর্বশেষ আপডেট ০৮:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 9
উড্ডয়নের জন্য পুরোপুরি প্রস্তুত বিমান। নিজ নিজ আসনে বসে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কিন্তু ঠিক সেই সময় এক শিশুকে ঘিরে তৈরি হয় অপ্রত্যাশিত পরিস্থিতি। কোনোভাবেই সিটবেল্ট বাঁধতে রাজি হচ্ছিল না সে।
একপর্যায়ে শিশুটির জেদের কারণে বিমানটি আর উড্ডয়ন করতে পারেনি। শুধু তাই নয়, শেষ পর্যন্ত বাতিল করা হয় পুরো ফ্লাইট।
৬ আগস্ট ভিক্টোরিয়া থেকে টরন্টোগামী পোর্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এসময় এক শিশু নিজের আসনে দাঁড়িয়ে সিটবেল্ট বাঁধতে অস্বীকৃতি জানায়। পরে ফ্লাইটটি টার্মিনালে ফিরে যায় বলে জানিয়েছে এয়ারলাইনসটি।
পোর্টার এয়ারলাইন্স জানায়, শিশুটির সঙ্গে থাকা অভিভাবক ও ক্রু সদস্যরা তাকে সিটবেল্ট বাঁধাতে চেষ্টা করলেও সফল হননি।
এয়ারলাইনসটি আরও বলেছে, ‘এই অনিরাপদ অবস্থায় উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারত না। তাই ক্রুরা টার্মিনালে ফিরে গিয়ে ওই দুই যাত্রীকে নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।’
এ ঘটনায় ফ্লাইটটি মধ্যরাতের পর রানওয়ে বন্ধ হওয়ার আগে আর উড্ডয়ন করতে পারেনি। ফলে যাত্রীদের পরদিনের একটি ফ্লাইটে পুনরায় বুকিং দিতে হয়।
শিশু বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ লিয়া তুসো বলেন, ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে পোর্টার এয়ারলাইন্সের ক্রুরা যাত্রীদের পাশাপাশি শিশুটির নিরাপত্তাও নিশ্চিত করেছেন। তার ভাষ্য, সিটবেল্ট ছাড়া শিশু ঝাঁকুনির সময় লাগেজের মতো ছিটকে গিয়ে অন্য যাত্রীদের আঘাত করতে পারে, বিশেষ করে উড্ডয়ন ও অবতরণের সময়।
ঘটনাটি নিয়ে অনলাইনে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, ভ্রমণরত শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও কঠোরভাবে বিমান সংস্থার নিয়ম মানানো উচিত। আবার কেউ বলেছেন, কোনো কোনো শিশু উড়োজাহাজে ভয় পেতে পারে এবং ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি নাও করতে পারে।
পোর্টার এয়ারলাইন্সের ওই ফ্লাইটের এক যাত্রী আরিয়েহ কোজুচ বিবিসি নিউজকে বলেন, শিশুটি উচ্ছৃঙ্খল ছিল না, বরং তাকে ভীত মনে হচ্ছিল। তার ভাষ্য, শিশুটি আসনের নিচে লুকাচ্ছিল এবং সিটবেল্ট বাঁধাতে গেলে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি শিশুর কারণে পুরো ফ্লাইট কেন বাতিল করতে হলো এবং পরিবারটিকে নামিয়ে দিলেই হতো কি না।
এর আগে ২০১৮ সালে শিকাগো থেকে আটলান্টাগামী সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকেও এক বাবা ও তার মেয়েকে নামিয়ে দেয়া হয়েছিল। এ ঘটনায় বিমান সংস্থাটি জানিয়েছিল, ছোট শিশুকে সঙ্গে নিয়ে ভ্রমণকারী এক যাত্রীর সঙ্গে ক্রুদের কথোপকথন উত্তপ্ত হয়ে উঠেছিল।
২০১২ সালেও একই ধরনের ঘটনায় একটি পরিবারকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছিল। তখন জেটব্লু জানিয়েছিল, সংশ্লিষ্ট যাত্রীরা দীর্ঘ সময় ধরে ক্রু সদস্যদের নির্দেশনা মানেননি এবং সবার নিরাপত্তার জন্য ক্যাপ্টেন তাদের নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।
সূত্র: বিবিসি































