সাঁকো ভেঙে নদীর ধারে জামায়াত নেতারা, রক্ষা এমপির
- সর্বশেষ আপডেট ০৫:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 13
নীলফামারীর ডিমলায় সংসদ সদস্যের সঙ্গে জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটির একটি অংশ ভেঙে নদীর ধারে পড়ে গেছেন কয়েকজন জামায়াত নেতা-কর্মী। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়নের সঙ্গে সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে সেখানে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীর সঙ্গে তিনিও জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একসঙ্গে বেশ কয়েকজন সাঁকোর ওপর ওঠার পর হঠাৎ কাঠের একটি অংশ মচকে যায়। মুহূর্তের মধ্যেই ওই অংশ ভেঙে পড়লে কয়েকজন জামায়াত নেতা-কর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ও হইচই শুরু হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও এমপির সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে গিয়ে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করেন। ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অতিরিক্ত মানুষের চাপ সামলাতে না পেরে এর একটি অংশ ভেঙে পড়ে। তবে সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন।
ঘটনার পর স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এমপি আব্দুস সাত্তার বলেন, সাঁকো ভেঙে পড়ার ঘটনা এখানকার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচলের বাস্তব চিত্র তুলে ধরেছে। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করা হবে।































