কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজছাত্র তরিকুল ইসলাম ইমন হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা আবারও প্রকাশ্যে এসেছে। বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (৪ এপ্রিল) দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে নিহতের পরিবার ও এলাকাবাসী।
দুপুরে হোসেনপুর মডেল মসজিদ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধরা হাসপাতাল মোড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কজুড়ে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে হোসেনপুর বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের একমাত্র ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী ইমন নিখোঁজ হন। পরদিন ১৭ মার্চ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নিচ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহতের বাবা পাগলা থানায় হত্যা মামলা করেন। তবে ৪৯ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ জমে উঠেছে। তাদের অভিযোগ, এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।
এর আগে একই দাবিতে ৬ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে স্বর্ণ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। পরিস্থিতি ঘিরে এখন এলাকাজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।