প্রথম শ্রেণিতে লটারিই বহাল, বাকিগুলোতে পরীক্ষা
- সর্বশেষ আপডেট ০৭:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 215
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল থাকলেও বাকি সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি ব্যবস্থায় পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা চালু হয়। সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো। পরে করোনা মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সেই পদ্ধতিতে পরিবর্তন আসছে।


































