আবারও বন্ধ সাজেক, পর্যটকদের ফেরার নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৮:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 67
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে, গত ১১ অক্টোবরও অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। তখন পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত রাখা হয়েছিল।
তবে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই সাজেক ভ্যালি আবারও বন্ধ ঘোষণা করল জেলা প্রশাসন। এবার বন্ধের কারণ হিসেবে গণবিজ্ঞপ্তিতে অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করা হলেও বিস্তারিত জানানো হয়নি।





























