‘জয় বাংলা’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৭:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 18
বগুড়ায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাদিয়াদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে লুঙ্গি পরা এক যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দেন। পরে তাকে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যেতে দেখা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিও ও ছবি দেখে ওই যুবককে শনাক্ত করে পুলিশ। পরে গাবতলীতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, গ্রেপ্তারের সময় রাদিয়াদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন।
ওসি আরও জানান, রাদিয়াদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্য দুটি মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাদিয়াদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





























