পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সর্বশেষ আপডেট ১২:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 20
পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশের অনুমতি, সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং দ্রুত ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর সঙ্গে অতিরিক্ত স্বজন ও দর্শনার্থীদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের নিয়মিত দলবদ্ধ হামলা বা ‘মব’-এর মুখে পড়তে হচ্ছে।
সংগঠনটির নেতারা জানান, ইতোমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের হুমকির মুখে এক নারী ইন্টার্ন চিকিৎসক সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হন। এ ছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
তাদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। এ কারণে পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন তারা।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু বলেন, ‘আমাদের এই দাবিগুলো বিভিন্ন সময়ে জানিয়ে আসছি। আমাদের নিরাপত্তাহীনতা এখন চরমে। দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
তবে কর্মবিরতিতে হাসপাতালের ওয়ার্ডগুলোতে তেমন প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি বলেন, সমস্যা সমাধানে হাসপাতালের পরিচালক ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন। দ্রুতই বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।






























