বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
- সর্বশেষ আপডেট ১১:৩৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 21
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।
বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে ওঠে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে একটি মাইনে আঘাত লেগে একটি বিশাল তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
এদিকে ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করার পর তেলের দাম কিছুটা কমেছিল। তবে অঞ্চলজুড়ে হামলার আশঙ্কায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের ঘাটতির কারণে দাম বাড়ছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি শোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন তারা।
সূত্র: রয়টার্স




























