আইনশৃঙ্খলা জোরদারে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে
- সর্বশেষ আপডেট ০৯:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 133
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার হিসেবে গড়ে তোলা, দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে একটি আধুনিক ও পেশাদার বাহিনীতে রূপ দিতে কাজ করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতি দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী দাবি করেন, স্বৈরাচারী শাসনামলে প্রতি বছর দেশ থেকে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এ ধরনের দুর্নীতি যেকোনো উপায়ে নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, একজন কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী—সবাই দিন শেষে নিরাপদে বাড়ি ফিরতে চান। জনগণের সেই প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।




































