প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর শুরু
- সর্বশেষ আপডেট ০৩:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 18
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় ধাপে তিনি চীনও সফর করবেন।
সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২১ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। ছয় দিনের এ সফরে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন। সফর শেষে ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলো গুরুত্ব পাবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল রয়েছে।




































