রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান একমাত্র প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 131
রোহিঙ্গা সংকটের একমাত্র ও স্থায়ী সমাধান হলো তাদের নিজস্ব মাতৃভূমি মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন—জাতিসংঘে এই দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এক ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে এই মন্তব্য করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।আজ শনিবার (২০ জুন) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্রিফিংয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও সেখানেই নিহিত রয়েছে। দীর্ঘ প্রায় এক দশক ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে দীর্ঘমেয়াদে কোনোভাবেই সম্ভব নয়। রোহিঙ্গাদের এই বিশাল উপস্থিতির কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রতিনিয়ত তীব্র চাপ সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ স্পষ্ট ভাষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছে যে, রোহিঙ্গারাও দীর্ঘ প্রবাস জীবন শেষে এখন নিজ দেশে ফিরে যেতে অত্যন্ত আগ্রহী। সংকটের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান আন্তর্জাতিক অংশীদার ও বৈশ্বিক নেতাদের প্রতি জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সেখানে দ্রুত একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি করতে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।


































