হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি ট্রাম্পের
- সর্বশেষ আপডেট ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 10
ইরানের সাথে চলমান যুদ্ধাবস্থার অবসানে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি অর্জিত না হলে, বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’তে টোল বসানোর এক অভিনব হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সামরিক বাহিনী যে নিরাপত্তা দিয়ে আসছে, তার ক্ষতিপূরণ বা খরচ উশুল করতেই এই টোল আদায়ের পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই বিস্ফোরক হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন, ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল বসানো হবে এবং এই টোলের সমুদয় অর্থ সরাসরি মার্কিন সরকারের তহবিলে জমা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘকাল ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিতে ওয়াশিংটনের যে বিপুল অর্থ ব্যয় হয়েছে, তা এবার আদায় করা হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বিতর্কিত ঘোষণা আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যেহেতু বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ প্রতিদিন এই হরমুজ প্রণালি দিয়েই বিভিন্ন দেশে পরিবাহিত হয়, তাই কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই জলপথে মার্কিন প্রশাসনের টোল বসানোর হুমকি বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং নতুন করে ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


































