সাত দপ্তরে শীর্ষ পর্যায়ে রদবদল
- সর্বশেষ আপডেট ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 7
প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং বিভিন্ন দপ্তরের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে আগামী ১৮ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
হাসান আকাশকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উপপরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি)’ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে দায়িত্বে ছিলেন।
শামীম আহমেদকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে পরিচালক (উপসচিব) পদে কর্মরত ছিলেন।
অন্যদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসনে পরিবর্তনের অংশ হিসেবে সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি আগে পঞ্চগড়ে দায়িত্বে ছিলেন। একইভাবে মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।































