মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক গ্রোসি বলেন, ইরানে “পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ” অস্ত্র কর্মসূচির উপাদান শনাক্ত করা যায়নি।
তবে তিনি নিশ্চিত করেন, তেহরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে—যা বেসামরিক জ্বালানি উৎপাদনের প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
গ্রোসি বলেন, পরিদর্শক দল এ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে ইরান বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তবু এ মাত্রায় মজুতকরণ উদ্বেগ তৈরি করছে।
তাঁর ভাষায়, এই সমৃদ্ধকরণই সংস্থার প্রধান দুশ্চিন্তার কারণ, কারণ এত উচ্চমাত্রায় উপাদান জমা করার স্পষ্ট কোনো বেসামরিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সেন্ট্রিফিউজ যন্ত্রগুলো নিরবচ্ছিন্নভাবে ঘুরছিল এবং ধারাবাহিকভাবে আরও উপাদান উৎপাদন করছিল। তাত্ত্বিক হিসাবে, এই পরিমাণ উপাদান দিয়ে ১০টির বেশি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরি করা সম্ভব হতে পারত। তবে গ্রোসির মন্তব্য, বাস্তবে ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে—এমন প্রমাণ নেই।
সংস্থার বক্তব্যে একদিকে অভিযোগের সরাসরি সমর্থন না থাকলেও, অন্যদিকে উচ্চমাত্রার সমৃদ্ধকরণ নিয়ে স্পষ্ট উদ্বেগের ইঙ্গিত মিলেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আন্তর্জাতিক পরিসরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





































