ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
রোহিঙ্গা গণহত্যার দায় স্বীকারে বাধ্য মিয়ানমার

- সর্বশেষ আপডেট ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 53
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার দায়ে মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত মিয়ানমারের বিরুদ্ধে এ সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করে বলেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। ১৫ বিচারকের প্যানেলে ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আন্তর্জাতিক বিচার আদালতের প্রায় ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতনের প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দেন।
রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল। গণহত্যা নির্ধারণের ক্ষেত্রে এ ধরনের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ শর্ত।
নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ
আদালত মিয়ানমারকে সহিংসতার কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ বসতিতে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন, ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত, প্রয়োজন অনুযায়ী বিচার ও শাস্তি নিশ্চিত করতে বলেছে আদালত। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা দেওয়ার নির্দেশও রয়েছে।
ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ ও পরিশোধের পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবে আদালত। এ বিষয়ে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন দুই বছরের মধ্যে জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাশা
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তাঁরা নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছেন।
রায় ঘোষণার আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী এক রোহিঙ্গা নারী, যিনি যৌন সহিংসতার শিকার হয়েছিলেন, বলেন, তিনি ন্যায়বিচার চান। নারীদের ওপর নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি।
আরেক রোহিঙ্গা তরুণ মোহাম্মদ ওসমান জানান, ২০১৭ সালের অভিযানে তাঁর বাবাকে গুলি করে হত্যা করা হয়, মাকে ধর্ষণ করা হয় এবং তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেন, একদিন দেশে ফিরে পরিবারের সদস্যদের শেষকৃত্য সম্পন্ন করতে পারবেন।
গাম্বিয়ার করা মামলায় রায়
১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের আওতায় ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এ উদ্যোগে সমর্থন দেয়। দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির দাবি ছিল, ২০১৭ সালের অভিযান বিদ্রোহীদের হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর পরিচালিত সামরিক অভিযান।
আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো সরাসরি প্রয়োগকারী ব্যবস্থা না থাকায় মিয়ানমার কতটা দ্রুত নির্দেশনা বাস্তবায়ন করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সূত্র: এএফপি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়































