বিমানের এমডির বাসায় গৃহকর্মী নির্যাতন: মহিলা পরিষদের ক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৭:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 176
রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার দেওয়া এক লিখিত বিবৃতিতে সংগঠনটি জানায়, উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭/সি রোডের একটি বাসায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (সদ্য সাবেক) শফিকুর রহমান ও তাঁর স্ত্রীর দ্বারা শিশুটির ওপর দীর্ঘদিন ধরে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। জীবিকার তাগিদে শিশুটির বাবা গত বছরের জুন মাসে মেয়েটিকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে দেন। সে সময় অভিযুক্ত দম্পতি শিশুটির ভরণপোষণ, চিকিৎসা ও ভবিষ্যতে বিয়েসহ সব খরচ বহনের আশ্বাস দেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর মাসে শিশুটির বাবা মেয়েকে দেখতে এসে তাকে সুস্থ অবস্থায় পান। তবে চলতি বছরের ৩১ জানুয়ারি অভিযুক্তের স্ত্রী ফোন করে মেয়েটিকে নিয়ে যেতে বলেন। পরে বাসায় গিয়ে শিশুটির বাবা তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শিশুটি জানায়, গত ২ নভেম্বর থেকে অভিযুক্ত ব্যক্তি, তাঁর স্ত্রী এবং বাসার আরও দুই গৃহকর্মী মিলে বিভিন্ন সময় তাকে মারধর করে, গরম বস্তু দিয়ে ছ্যাঁক দেয় এবং বাথরুমে আটকে রাখে। এসব নির্যাতনের ফলে সে শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, এ ধরনের পৈশাচিক নির্যাতন নতুন নয়। দেশের বিভিন্ন এলাকায় গৃহকর্মী শিশু-কিশোরীরা নিয়মিতভাবে নির্যাতন, অবহেলা ও সহিংসতার শিকার হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে নির্যাতনের শিকার শিশুটির যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।




































