প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন
- সর্বশেষ আপডেট ১০:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 8
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর লক্ষ্যে ১১ সদস্যের উচ্চপর্যায়ের ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রোববার উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের ফলে আগের কমিটি বাতিল বলে গণ্য হবে।
নতুন কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের কমিটিতে সদস্য করা হয়েছে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর ব্যবস্থা নেওয়া, কার্ডসংক্রান্ত অভিযোগ ও আপত্তি নিষ্পত্তি এবং প্রয়োজন হলে অ্যাক্রিডিটেশন নীতিমালা সংশোধনে সরকারের কাছে সুপারিশ করা।



































