এখন থেকে ১৬ জুলাই পালিত হবে ‘শহিদ দিবস’
- সর্বশেষ আপডেট ০৬:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 37
সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করে। সেই আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে দিনটিকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ১৬ জুলাই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
ইশরাক হোসেন আরও বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগতদের হামলায় বহু শিক্ষার্থী আহত হন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ছিল উদ্বেগজনক।
এসব ঘটনার স্মৃতি সংরক্ষণে ১৫ জুলাই একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হবে। ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ বা ‘প্রতিরোধের সূচনা’ নামে এ প্রদর্শনী চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনের উন্মুক্ত স্থান অথবা শাহবাগ স্কয়ারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।





































