মিনিটে কোটি টাকার অভিনেত্রী তামান্না!

- সর্বশেষ আপডেট ০১:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 325
অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার পেশাগত জীবন যে এখন দুর্দান্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য। একের পর এক সফল প্রজেক্টে নিজেকে প্রমাণ করে চলেছেন এই দক্ষিণী তারকা।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী ২’–এর জনপ্রিয় আইটেম নম্বর ‘আজ কি রাত’–এ তামান্নার পারফরম্যান্স কার্যত ঝড় তুলেছিল। আট থেকে আশি—সব বয়সের দর্শকের কাছেই ব্যাপক সাড়া ফেলেছিল সেই নাচ। এর ধারাবাহিকতায় ২০২৬ সালেও তাঁর হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা, যেখানে তিনি কেবল আইটেম গানে নয়, বরং মুখ্য চরিত্রেই দেখা দেবেন।
এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন তামান্না? এমন প্রশ্নই উঠেছে তাঁর সাম্প্রতিক একটি লাইভ পারফরম্যান্স ঘিরে।
বলিউড সূত্রের দাবি, বর্ষবরণ উপলক্ষে গোয়ার বাগা বিচে আয়োজিত একটি কনসার্টে অংশ নেন তামান্না ভাটিয়া। সেখানে তাঁর পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। তবে ওই স্বল্প সময়ের নাচ ও উপস্থিতি দেখতেই বিপুল অর্থ ব্যয় করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত।

খবরে আরও দাবি করা হয়েছে, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্য নাকি তামান্না নিয়েছেন প্রায় ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিটপ্রতি পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ১ কোটি রুপি। এই তথ্য সামনে আসতেই বিনোদন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
অনেকে প্রশ্ন তুলছেন—যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য প্রথম সারির নায়িকারা সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক পান, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য এত বড় অঙ্ক কতটা যুক্তিযুক্ত? আবার অন্য একাংশের মতে, বর্তমান সময়ে তামান্নার জনপ্রিয়তা, বাজারমূল্য ও দর্শকচাহিদার নিরিখেই এই পারিশ্রমিক স্বাভাবিক।
উল্লেখ্য, ‘আজ কি রাত’ গানের বিপুল সাফল্যের পর থেকেই সিনেমার ক্ষেত্রে নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন তামান্না। প্রযোজকদের অনেকেই সেই দাবি মেনে নিলেও, কনসার্ট বা লাইভ শোতে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—তা নিয়েই এখন বিতর্ক।
সব মিলিয়ে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই আয়োজকদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। জনপ্রিয়তা ও পারিশ্রমিকের ভারসাম্য ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।




































