বিদ্যুৎ নিয়ে সুখবর
- সর্বশেষ আপডেট ০৬:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 20
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। চলতি বছরে সর্বোচ্চ ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে কেন্দ্রটিতে।
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সোমবার সকাল পর্যন্ত এই উৎপাদন পাওয়া গেছে বলে জানিয়েছেন কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। এর আগের দিন রাতে পানির উচ্চতা ছিল ৯৯ দশমিক ১৫ ফুট এমএসএল।
কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। তবে পানির সংকটের কারণে গত কয়েক মাস ধরে সব ইউনিট একসঙ্গে চালু রাখা সম্ভব হয়নি।
কেন্দ্রের কর্মকর্তারা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির প্রবাহ বেড়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে লেকের পানির স্তর আরও বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মূলত কাপ্তাই লেকের পানির ওপর নির্ভরশীল। লেকে পর্যাপ্ত পানি থাকলে পাঁচটি ইউনিট চালু করে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।




































