বংশালের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ১১:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 17
রাজধানীর বংশালের একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিলেটে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বংশাল থানাধীন বি কে গাঙ্গুলী লেনের একটি মেসের কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেসের সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকে অনিকের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে অনিকের এক সহপাঠী ফোনে যোগাযোগ করতে না পেরে মেসে গিয়ে তার খোঁজ নিতে বলেন। পরে জয় ও আরেকজন অনিকের কক্ষের দরজায় দীর্ঘ সময় কড়া নাড়লেও কোনো সাড়া পাননি।
দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে অনিককে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহপাঠী ও মেসের সদস্যরা জানান, ঘটনার দুই দিন আগে অনিকের সঙ্গে তার প্রেমিকার বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে তিনি চুপচাপ থাকতেন বলে তারা জানিয়েছেন। তবে ওই ঘটনার সঙ্গে অনিকের মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে হাসপাতালে যান জবির ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছালেও ততক্ষণে অনিক মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।
ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।































