চট্টগ্রামে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৮:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 34
চট্টগ্রামের আনোয়ারায় একটি বাসা থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের হোসেন বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনোয়ারা বেগম চাতরী ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকার মৃত হোসেন কন্ট্রাক্টরের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে। তিন ছেলেই প্রবাসী এবং দুই মেয়ের বিয়ে হয়েছে। সম্প্রতি তার মেজো ছেলে বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই সময় বাসায় একাই ছিলেন মনোয়ারা।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে মাকে দেখতে বাসায় যান তার এক ছেলে। ঘরে ঢুকে মাকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে মনোয়ারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।
পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, রাতে ওই নারীকে তার ছেলে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মনোয়ারা বেগম আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।






























