বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৯:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 121
বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের সমকাল কার্যালয় থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চ্যাটার্জি। তবে সমকাল কার্যালয়ের একটি চাবি তাঁর কাছে থাকত। তিনি নিয়মিত দিনে ও রাতে অফিসে এসে সময় কাটাতেন।
সমকালের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে একটি দাওয়াতে অংশ নেন পুলক চ্যাটার্জি। সন্ধ্যায় তিনি অফিসে এসে দেখতে পান, কার্যালয়টি ভেতর থেকে তালাবদ্ধ। পরে দরজার ফাঁক দিয়ে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।































