প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব কে? জানালেন শিশির মনির
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 286
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংবিধান অনুযায়ী যে কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আগামী ১২ মার্চ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অধিবেশন শুরুর আগেই আলোচনায় এসেছে—প্রথম বৈঠকে কে স্পিকারের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শিশির মনির ব্যাখ্যা দেন, সংবিধানের ৭৪ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধির ৮ থেকে ১০ নম্বর বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে প্রথম অধিবেশনে যে কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি আরও উল্লেখ করেন, গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতে ১৫ মার্চের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন।
আইনজীবী শিশির মনির জানান, প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। ফলে প্রাথমিক অধিবেশন পরিচালনায় সাংবিধানিক কোনো জটিলতা নেই বলেও তিনি মত দেন।































