নবম পে স্কেলে ১১-২০ গ্রেডে বাড়ছে বেতন, টিফিন ভাতা বাড়ছে ৫ গুণ
- সর্বশেষ আপডেট ০৬:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 220
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরীজীবীরা নতুন বেতন কাঠামো পেতে যাচ্ছেন। আর নতুন এ বেতন কাঠামোয় বেশ কিছু ভাতা ও সুবিধাদি বাড়ানোর প্রস্তাব রয়েছে।
বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের মাসিক টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এর আগে অষ্টম পে স্কেলে এ ভাতার পরিমাণ ছিল ২০০ টাকা। এই সুবিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও পাবেন।
জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ২০২৬-এ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ, সন্তানদের শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
এতে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা থাকছে। পাশাপাশি যাদের প্রতিবন্ধী সন্তান রয়েছে, তাদের ওই সন্তানের জন্য মাসিক ২ হাজার টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে এ পে স্কেলে।
জানা গেছে, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অংশ হিসেবে এ বেতন কাঠামো কার্যকর করা হবে।


































