দেশের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 5
মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি- ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। আমি আমার অবস্থান থেকে আমার দেশের, আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।’
তারেক রহমান আরও বলেন, ‘এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এ দেশের মানুষের অর্জন।’
প্রধানমন্ত্রী বলেন, সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের স্বার্থে কাজ করার জন্য তাঁকে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরেন। সফর শেষে জাতীয় সংসদে তাঁর এই বক্তব্য আসে।
































