বিয়েতে ১০০ অতিথির বেশি হলে করের প্রস্তাব
- সর্বশেষ আপডেট ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 7
সামাজিক অনুষ্ঠানে অর্থের অপচয় কমাতে বিদেশের আদলে বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।
মো. শাহাদাত হোসেন বলেন, দেশে বিয়ে-শাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে বিত্তশালীদের মধ্যে বিপুল অর্থের অপচয় দেখা যায়। গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে দীর্ঘদিন ধরে নাচের প্রশিক্ষণ, জাঁকজমকপূর্ণ আয়োজন এবং অতিরিক্ত অতিথি আপ্যায়নের কারণে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে।
তিনি বলেন, এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন এবং পরিবেশিত খাবারের বড় একটি অংশ শেষ পর্যন্ত অপচয় হয়। এ ধরনের সামাজিক অপচয় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
সংসদ সদস্য বলেন, দেশে একসময় অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সে সময় ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত কর দিতে হতো। বর্তমান প্রেক্ষাপটে সেই ধরনের আইন নতুনভাবে চালুর প্রস্তাব করে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।
মো. শাহাদাত হোসেনের দাবি, বিত্তশালীদের বিয়ে-শাদিতে অযথা অর্থের অপচয় ও আড়ম্বর কমানো সম্ভব হলে এর ইতিবাচক প্রভাব বাজার ব্যবস্থার ওপরও পড়বে। তাঁর মতে, এ ধরনের অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।































