নরসিংদীতে মানবিক সহায়তা পেল ১৪০ পরিবার
- সর্বশেষ আপডেট ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 68
নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবপুর উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও অনুদানের চেক তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
এছাড়া অনুষ্ঠানে শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, দুইজনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পুনর্বাসন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এসব উপকরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


































