বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- সর্বশেষ আপডেট ০২:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 9
যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ ধরনের ক্ষেত্রে অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যও ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

দূতাবাস আরও জানায়, বিশেষ করে অনভিবাসী ভিসাধারীরা এ ধরনের অপব্যবহারে জড়িত থাকলে তাদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।
বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের নিজস্ব আর্থিক সক্ষমতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সফরের সময় প্রত্যেক ভ্রমণকারীর নিজের ব্যয় নিজেই বহন করার জন্য প্রস্তুত থাকা উচিত।
মার্কিন দূতাবাসের এই বার্তায় বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির অভিবাসন ও ভিসা-সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।































