সুন্দরবনে বন্ধুকযুদ্ধে ‘দুলাভাই বাহিনী’র এক সদস্য নিহত

- সর্বশেষ আপডেট ০৫:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 98
সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় বাহিনীটির প্রধানসহ দুইজনকে আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল থেকে খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গভীরে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ানের সদস্যরা টানা দুই দিন অভিযান চালান।
অভিযান চলাকালে দস্যুদের বহনকারী দুটি নৌকা শনাক্ত করে থামার সংকেত দেওয়া হলে তারা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে দস্যুদের একটি নৌকায় আগুন ধরে যায় এবং অন্যটি ডুবে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৫০) ও সদস্য শওকত সরদারকে (৫৫) উদ্ধার করা হয়। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, অভিযানের সময় পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা ইসরাফিল হাওলাদারকে (২৬) স্থানীয় জনগণের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তাকেও চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযানে আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ছয়টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে বনদস্যু ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































