দুই-তৃতীয়াংশ আসনে নারীর সরাসরি প্রতিনিধিত্ব সুযোগ নেই

- সর্বশেষ আপডেট ০৭:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 387
বাংলাদেশের দুই-তৃতীয়াংশের বেশি আসনে সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধিত্বের কোনো সুযোগ নেই। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ১ হাজার ৯৮১ প্রার্থীর মধ্যে নারীর অংশ মাত্র ৩ দশমিক ৯৩ শতাংশ। সে হিসেবে নারী প্রার্থীর সংখা প্রায় ৪ শতাংশ।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে মাত্র ৫১টি। ৭৬ নারী প্রার্থীর মধ্যে ৬১ জনকে মনোনয়ন দিয়েছে মাত্র ৩০টি রাজনৈতিক দল। বাকি ১৫ জন স্বতন্ত্র প্রার্থী। এই নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র ৬৭টি সংসদীয় আসনে। এরিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ ( বিএনপি ) মনোনয়ন দিয়েছে দশ নারী প্রার্থীকে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীকে সর্বোচ্চ মনোনয়ন দেওয়ার নজির। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে সে সংখ্যা নয়-এ দাঁড়িয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনয়ন দিয়েছে দশ নারী প্রার্থীকে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চার, জাতীয় সমাজতান্ত্রিক দল ছয়, গণসংহতি আন্দোলন চার, নাগরিক ঐক্য এক, এবি পার্টি এক নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি ছয় নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পাঁচ, গণঅধিকার পরিষদ তিন, বাংলাদেশ মুসলিম লীগ এক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চার এবং গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রত্যেকে দু’জন করে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক, আমজনতা এক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এক, বাংলাদেশ লেবার পার্টি এক। বিএনপি’র ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ দল থেকে বাদ পড়ায় স্বতন্ত্র থেকে নির্বাচনে লড়ছেন। এরিমধ্যে সমতল আদিবাসীর নারী প্রার্থী নেই। ট্রান্সজেন্ডার প্রার্থী মাত্র ১ জন।
বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যানই বলে দেয়, রাজনীতিতে লিঙ্গসমতা নিশ্চিত করতে বাংলাদেশ এখনো কতটা পিছিয়ে রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এই প্রতিনিধিত্ব অনেকটাই প্রতীকী। এই নারীর প্রায় এক-তৃতীয়াংশই স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র নন। তারা প্রভাবশালী কোনো পুরুষ রাজনীতিকের স্ত্রী, কন্যা কিংবা পরিবারের সদস্য। দলীয় নেতৃত্ব ও ক্ষমতাকেন্দ্রের সঙ্গে পারিবারিক সম্পর্কের সূত্রেই তাদের রাজনৈতিক উত্থান।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জনতার দল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট ও বাংলাদেশ জাসদসহ অন্তত ২১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে কেবল পুরুষ প্রার্থী মনোনয়ন দিয়েছে।
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলী বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এখনো গভীরভাবে পুরুষতান্ত্রিক।
তিনি বলেন, বাংলাদেশে অধিকাংশ নারী রাজনীতিক বা সংসদ সদস্য পারিবারিক প্রভাবের মাধ্যমেই উঠে এসেছেন। একেবারে তৃণমূল থেকে সংগ্রাম করে উঠে আসা নারীর সংখ্যা খুবই কম। বিশ্ববিদ্যালয় জীবন থেকে মাঠপর্যায়ে কাজ করে ধাপে ধাপে গড়ে ওঠা নারী নেতৃত্ব প্রায় নেই বললেই চলে।
এবার জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম।
তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় আমাদের নির্বাচনী ব্যবস্থা, নারীর প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের মনোভাব, পেশীশক্তি এবং অর্থ ইত্যাদির প্রভাব রয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন। যেখানে রাজনৈতিক দলগুলো নিজেরাই ৫ শতাংশ আসনে নারীর মনোনয়ন দিতে চেয়েছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই সংখ্যা আরও কম। যা গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারতো বলে উল্লেখ করেন তিনি।
বাসদের বরিশাল-৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্ত্তী। তিনি বলেন, একটি টেলিভিশনের নির্বাচনী আলোচনায় আমন্ত্রিত প্রার্থী হিসেবে অংশ নেই। একজন পুরুষ প্রার্থী নারীর সামনে আসবেন না জানালে ওই টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষ আমাকে সরিয়ে দিয়েছিল। অথচ আমার দলের নারী প্রার্থীরা ভোটারদের কাছে একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সাংগঠনিক কাজের মাধ্যমে তারা তাঁদের সেই পরিচয় প্রতিষ্ঠা করেছেন। তবে প্রতিদ্বন্দ্বী কোনো কোনো প্রার্থীর নারীবিদ্বেষী বক্তব্য তাঁদের ভোটের মাঠে প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি দলগুলোর কোনো কর্মসূচী নেই। নীতি নির্ধারনী নেই। রাজনীতিতে এখনো পিতৃতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীর রাজনৈতিক অধিকারকে দলগুলো স্বীকার করছে না। রাজনৈতিক ক্ষমতায়ন এখন গৌন হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নির্বাচনের পর রাজনৈতিক দলের নেতা- নেত্রীদের সাথে আবার এডভোকেসি করতে হবে। নারী আন্দোলনের পক্ষ থেকে আওয়াজ তুলতে হবে।
নির্বাচন কমিশনের ১৯৭৩-২০২৪ সালের নির্বাচনে নারী প্রার্থীর তথ্য অনুযায়ী জানা যায়, ১৯৭৩ ও ১৯৭৯ সালের নির্বাচনে কোনো নারী প্রার্থী নির্বাচিত হননি। ১৯৮৬ সালে পাঁচ, ১৯৮৮ ও ১৯৯১ সালে চার ও চার নারী প্রার্থী নির্বাচিত হন। ১৯৯৬ সালে পাঁচ, ২০০১ সালে ছয়, ২০০৮ সালে ১৯ নারী প্রার্থী নির্বাচিত হন। ২০১৪ সালে ১৮, ২০১৮ সালে ২২ এবং ২০২৪ সালে ২০ নারী প্রার্থী জয়ী হন।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, যেসব নারীর রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবার বা দাম্পত্য সম্পর্ক রয়েছে, তারা তুলনামূলকভাবে ভালো ফল করে থাকেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলে কমপক্ষে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিতের উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে কোনো দলই এই শর্ত পূরণ করেনি। অথচ দেশের ৫২ শতাংশ জনগোষ্ঠী নারীর নির্বাচনে যদি প্রতিনিধিত্ব না থাকে, তাহলে গণতন্ত্র কীভাবে অর্থবহ হবে।
তিনি এটিকে অত্যন্ত হতাশাজনক উল্লেখ করে বলেন, এত বড় সামাজিক আন্দোলন ও সক্রিয় অংশগ্রহণের পরও আমরা কেন এই পর্যায়ে এসে ঝরে পড়ছি এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে।
উপদেষ্টা আরও বলেন, ৫১টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় ৩০টি দল কোনো নারী প্রার্থী দেয়নি । যা নির্বাচন কমিশন ও রাষ্ট্রের নীতিগত অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। যে দল নারী প্রার্থী দিতে ব্যর্থ হয়, তারা কি আমাদের মৌলিক গণতান্ত্রিক অগ্রাধিকার পূরণ করছে? এই প্রশ্ন সমাজ ও নারীদের নিজেদেরই করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সাধারণত নারীদের গুরুত্ব দেয় না।
তিনি বলেন, যেসব নারীর বাবা, ভাই কিংবা স্বামী রাজনীতিতে আছেন, তাদেরই জয়ের সম্ভাবনা বেশি বলে দল মনে করে। বাস্তবতা হলো, এবারও তৃণমূল থেকে উঠে আসা কোনো নারী নেত্রী মনোনয়ন পাননি।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী বলেন, আমাদের সাবেক চেয়ারপার্সেন খালেদা জিয়া নারীবান্ধব মানুষ ছিলেন। তিনি নারী-পুরুষের সমতাকে বিশ^াস করতেন।
জাতীয় পার্টির ঢাকা-১০ আসনের মনোনীত প্রার্থী বহ্নি বেপারি বলেন, আমি শিক্ষা ক্যাডার থেকে এসেছি। আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না।
এনসিপি -এর মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, ইশতেহারে নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, অংশীদারিত্বকে আমরা গুরুত্ব দিয়েছি।


































