দক্ষিণ সুদানে ছোট বিমান বিধ্বস্ত, ১৪ আরোহীর মৃত্যু
- সর্বশেষ আপডেট ১০:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 17
দক্ষিণ সুদানে রাজধানী জুবার কাছে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সেসনা মডেলের ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয় এবং এতে থাকা কেউই বেঁচে ফিরতে পারেননি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র বরাতে জানা যায়, বিমানে মোট ১৩ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। নিহতদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক এবং বাকি সবাই দক্ষিণ সুদানের নাগরিক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পাইলট দৃষ্টিসীমা হারিয়ে ফেলেন, যার ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কারণ নিশ্চিত করেনি।
দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবার প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি এলাকা। সেখানে উদ্ধার ও তথ্য সংগ্রহে জরুরি সেবা দল পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে এবং পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।



































