সার্বভৌমত্ব রক্ষায় তেহরানের পাশে বেইজিং

- সর্বশেষ আপডেট ০৯:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 216
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রেক্ষাপটে ইরানের আত্মরক্ষার অধিকারে সমর্থন জানিয়েছে চীন।
সোমবার এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচিকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তেহরানকে সমর্থন করে বেইজিং।
খবরটি প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)।
শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। ইরানি সূত্রে বলা হয়েছে, এতে শত শত মানুষ নিহত হয়েছেন।
পাল্টা জবাবে তেহরান ইসরায়েল, কয়েকটি উপসাগরীয় দেশ এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন অব্যাহত থাকবে।
একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে উত্তেজনা বিস্তার রোধের আহ্বান জানান।
ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক আলোচনায় ওয়াং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের নীতিমালা লঙ্ঘন করছে।
তিনি বলেন, চীন ন্যায়বিচার সমুন্নত রাখা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মে যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। একই দিনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গেও কথা বলেন তিনি।
সেখানে সতর্ক করে বলেন, প্রধান শক্তিগুলো সামরিক শ্রেষ্ঠত্বের জোরে অন্য দেশের ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না এবং বিশ্বকে ‘জঙ্গলের আইনে’ ফিরতে দেওয়া যায় না।
ওয়াং আরও বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক পথেই খুঁজতে হবে।



































