ঢাবি ট্যুরিজম বিভাগের অ্যালামনাই কমিটি গঠন
- সর্বশেষ আপডেট ০১:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 127
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২৭ ফ্রেব্রুয়ারি এ উপলক্ষে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও পুর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫০ সদস্যবিশিষ্ট এই নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দন দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তারেক সুলতান। সভাপতি চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংক-এ উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক এস এম তারেক সুলতান গোপালগঞ্জ জেলা-য় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটির অন্যান্য নির্বাহী সদস্যরাও দেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ সদস্য ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান, সিনিয়র শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্য এবং বর্তমানে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বিভাগের উন্নয়ন, শিক্ষার্থীদের ক্যারিয়ার সহায়তা এবং অ্যালামনাই-শিক্ষার্থী সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
নবগঠিত অ্যালামনাই এসোসিয়েশনটি বিভাগের জন্য একটি কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং ও কাউন্সেলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি বৃহত্তর পরিসরে বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালনের কথাও জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই অ্যালামনাই উদ্যোগ বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং ভবিষ্যতে একাডেমিক ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




































