ডিএসইর এজিএম নাসিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৬:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 51
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানি ও প্রতিহিংসামূলকভাবে চাকরিচ্যুত করার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সদ্য চাকরিচ্যুত কর্মী মরিয়ম আক্তার টিনা। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মরিয়ম আক্তারের অভিযোগ, ২০১৮ সালে ডিএসইর মনিটরিং বিভাগে কর্মরত থাকার সময় তৎকালীন সুপারভাইজার নাসির রেজা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করতেন। বিভিন্ন সময়ে অসময়ে বার্তা পাঠানো, ভিডিও কল দেওয়া এবং নানা ধরনের ইঙ্গিতপূর্ণ আচরণের পর একপর্যায়ে অফিসের ক্যান্টিনের সামনে তাকে সরাসরি অনৈতিক প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে মরিয়ম জানান, বিষয়টি তৎকালীন বিভাগীয় প্রধান এবং বর্তমানে অ্যাক্টিং সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়াকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে তৎকালীন সিআরও জিয়াউল হাসান খানকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে তিনি অভিযোগের গুরুত্ব বিবেচনা করে নাসির রেজা ও শফিকুল ইসলাম ভূঁইয়াকে ডেকে সতর্ক করেন।
এরপর থেকেই নাসির রেজা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ মরিয়মের।
পরবর্তী সময়ে নাসির রেজা প্রভাবশালী মহল ও প্রশাসনিক সহযোগিতায় মানবসম্পদ বিভাগে (এইচআর) বদলি হয়ে আসেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন মরিয়ম। তাঁর দাবি, ওই পদে আসার পর কোনো কারণ দর্শানোর নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই প্রতিশোধের উদ্দেশ্যে তাকে ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
মরিয়ম আক্তার টিনা বলেন, একজন সিঙ্গেল মাদার হিসেবে সন্তানকে নিয়ে ঢাকায় জীবনযাপনের জন্য চাকরিটিই ছিল তার প্রধান অবলম্বন। কর্মক্ষেত্রে কোনো ধরনের দায়িত্বে ত্রুটি না থাকা সত্ত্বেও যৌন হয়রানির প্রতিবাদ করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চাকরি পুনর্বহাল এবং ডিএসইতে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাসির উদ্দিন রেজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
































