১৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা

- সর্বশেষ আপডেট ০৭:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 165
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও নগরীর প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।
তিনি জানান, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস ও ট্রেন টার্মিনাল, লঞ্চঘাট, শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। মহানগরের প্রবেশপথগুলোতে যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থায় ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটও কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন (কুকুর) দল।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পাশাপাশি র্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। নগরীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।































