ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিআইবির প্রতিবেদনের সঙ্গে মিল নেই পুলিশের তথ্য: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 23

রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের মিল নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তার দাবি, দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসের পর্যবেক্ষণে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, টিআইবির প্রতিবেদনে অপরাধ বৃদ্ধির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা পুলিশের নিয়মিত অপরাধ পরিসংখ্যান ও মাঠপর্যায়ের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ডিএমপি কমিশনার জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। ২৪ ঘণ্টার নজরদারির ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল মিলছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে কেউ মানসিক চাপে থাকলে তা গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ সদস্যদের সাম্প্রতিক আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ব্যক্তিগত সংকট অনেক সময় মানসিক চাপের কারণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে সময়মতো সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানার অফিসার্স মেস ও ফোর্স ব্যারাক আধুনিকায়নের কাজ চলছে। শাহবাগ থানা পরিদর্শনে তিনি থানার কার্যক্রম, সেবার মান ও সদস্যদের কর্মপরিবেশ পর্যালোচনা করেন এবং জনসেবামুখী পুলিশিং আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টিআইবির প্রতিবেদনের সঙ্গে মিল নেই পুলিশের তথ্য: ডিএমপি

সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬