বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট বন্ধ
- সর্বশেষ আপডেট ০৭:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 10
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ত্রুটি মেরামত করে আগামী এক দিনের মধ্যে ইউনিটটি পুনরায় চালুর আশা করছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ পাম্পে ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ চলছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নম্বর ইউনিটের পাম্পের ত্রুটি মেরামতের কাজ চলছে। আশা করা হচ্ছে, শনিবারের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। পাম্পে ত্রুটি দেখা দেওয়ার পর ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে, বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে সচল রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ঘণ্টায় প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে চালু থাকা ১ নম্বর ইউনিট দ্রুত মেরামত করে উৎপাদনে ফেরানোকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।


































