মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 96
ঝিনাইদহের মহেশপুরে মাদক কেনার টাকা না দেওয়ায় সখের বানু (৫৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ইখলাস উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইখলাসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় গ্রামের জেকোর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সখের বানু ওই গ্রামের বাসিন্দা এবং আটক ইখলাস উদ্দিন তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সখের বানুকে ভাত দিতে তার ঘরে যান ছোট ছেলের স্ত্রী। এ সময় তিনি ঘরের ভেতর শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সখের বানুকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, ঘটনার পর ইখলাস উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ইখলাস দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। মাদক কেনার টাকা চাওয়া নিয়ে প্রায়ই তার মায়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতেও টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, আটকের পর ইখলাস প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।





























