মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে দিলেন মা
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 71
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকের টাকা না পেয়ে মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)।
পুলিশ জানায়, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। বরং তারা নিয়মিত মায়ের কাছে মাদকের জন্য টাকা চাইতেন এবং টাকা না পেলে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
রোববার সকালে দুই ভাই আবারও মাদকের টাকা দাবি করেন। পারভীন আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। নিরুপায় হয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল ও মতি মিয়াকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় কার্যকরের জন্য তাদের কারাগারে পাঠানো হয়েছে।
































