ছাত্রদলের হাতে মার খাওয়ার অভিযোগ সেই মাহাদীর

- সর্বশেষ আপডেট ০৩:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 209
হবিগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে বেদম মারধরের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে তাঁর ওপর এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই রক্তাক্ত ও আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। মাহাদী হাসানের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ও পোস্টের মাধ্যমে এই মারধরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, সরকারি অফিসের ভেতরেই প্রকাশ্যে মাহাদী হাসানের ওপর ছাত্রদলের একদল নেতাকর্মী চড়াও হয়ে হামলা চালান।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে গত বুধবার দুপুরেও ফেসবুকের একটি রাজনৈতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের তাড়া খেয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন এই সমন্বয়ক। গতকাল বুধবার শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে ওই ধাওয়া খাওয়ার ঘটনাটি ঘটেছিল।
মাহাদী হাসান জানান, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তীব্র সমালোচনা করেন এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করেন। এই বিষয়টি জেলা ছাত্রদলের কিছু নেতাকর্মী কোনোভাবেই সহজভাবে নেননি এবং এর জেরে গতকাল বুধবার তিনি যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে বিআরটিএ কার্যালয়ে যান, সেখান থেকে ফেরার পথে ইজিবাইকে তাঁকে ধাওয়া করা হয়। জীবন বাঁচাতে তখন তিনি থানায় গিয়ে পুলিশের শরণাপন্ন হন। যদিও গতকালের ওই ঘটনার পর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এমন কোনো ধাওয়া করার ঘটনাই ঘটেনি এবং মাহাদী ‘নিজের গুরুত্ব বাড়ানোর জন্য’ মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এমনকি পুলিশও গতকালের ঘটনায় সুনির্দিষ্ট কোনো সত্যতা খুঁজে পায়নি বলে জানিয়েছিল। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সরাসরি ডিসি অফিসে মার খেলেন তিনি।
হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা এর আগেও একবার দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। গত ২ জানুয়ারি জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসির সামনে দাঁড়িয়ে প্রকাশ্য হুমকি দিয়ে মাহাদীকে বলতে শোনা গিয়েছিল, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’ সেই সময় ও ওসিকে হুমকি দেওয়ার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত তীব্র বিতর্কের মুখে আসেন এই ছাত্র নেতা।




































